চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিছু দিন আগে তার একটি রহস্যময় ফেসবুক স্ট্যাটাস থেকেই এই গুঞ্জনের সূত্রপাত হয়। এরপর নেটিজেনদের নানা জল্পনা-কল্পনায় ভরে উঠে বিষয়টি।
অবশেষে, গতকাল (শনিবার, ২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্তারিত ব্যাখ্যামূলক পোস্ট দিয়ে মুখ খুলেছেন পূর্ণিমা। তিনি এই পোস্টে স্বামী রবিনকেও ট্যাগ দিয়েছেন।
পূর্ণিমা লেখেন, “সুস্থ সময়ে মানুষের বন্ধুর অভাব হয় না। তবে অধিকাংশই সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু, যারা সবসময় নিজের স্বার্থের কথা ভাবেন। দুর্দিনে এদের খুঁজে পাওয়া মুশকিল। কিছুদিন আগে আমি যে স্ট্যাটাস দিয়েছিলাম, সেটির অর্থ ছিল এটাই। আসলে, মানুষের চারপাশে যা ঘটে, সেই বিষয়কেই কেন্দ্র করে আমি সেই স্ট্যাটাসটি দিয়েছিলাম। আমি ও আমার পরিবারও অনেক সুখে আছি।"
তিনি আরও লেখেন, “আমার জন্যও সুসময় ও অসুবিধার সময় এসেছে। তবে অনেকেই আমার পারিবারিক জীবন মেলাতে চেয়েছেন, যা ঠিক নয়। কিছু সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণ বিষয়টি সঠিক না জানিয়ে চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা আমাকে ও আমার পরিবারকে দুঃখ দিয়েছে।”
পোস্টের শেষাংশে পূর্ণিমা স্পষ্ট করে বলেছেন, “আমার স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনারা দোয়া ও ভালোবাসায় আমরা খুব ভালো আছি। আমার ক্যারিয়ারে দেশ-বিদেশের অসংখ্য মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছি, ভবিষ্যতেও পাব বলে আশা করি। ধন্যবাদ।”
এর আগে, পূর্ণিমা যে পোস্টটি দিয়েছিলেন, সেখানে তিনি লিখেছিলেন—“মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় বুঝি, তারা আসলে সম্পর্কের আবরণে লুকানো বিষধর সাপ। আমি আরও বলেছি, এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ।”
এই স্ট্যাটাসের কারণে ভক্তদের মাঝে নানা জল্পনা শুরু হয়—পূর্ণিমা ও রবিনের দাম্পত্যে কি ফাটল ধরেছে কি না। তবে শনিবারের পোস্টে পূর্ণিমা পরিষ্কার করে দিলেন, এসব গুঞ্জন ভিত্তিহীন।
অন্যদিকে, রবিনও সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলের পিকচার পরিবর্তন করেছেন, যেখানে তিনি পূর্ণিমাকে জড়িয়ে একটি মিরর সেলফি তুলেছেন।
২০২২ সালে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। তিনি এক বহুজাতিক প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অস্ট্রেলিয়ার সিডনির এক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তাদের পরিচয় কাজের সূত্রে, যা প্রেমে রূপ নেয়। এটি পূর্ণিমার দ্বিতীয় বিবাহ। তার আগে ২০০৭ সালে তিনি আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন।

0 মন্তব্যসমূহ